আজগুবি ফরম্যাটের গ্যাঁড়াকলে ফেড কাপ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

আজগুবি ফরম্যাটের মারপ্যাঁচে পড়েছে চলতি ফেডারেশন কাপ। ১০ দলের টুর্নামেন্ট থেকে কোয়ার্টার ফাইনালের আট দল দল খুঁজে পেতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে। অদ্ভুতুড়ে ফরম্যাটের সুযোগে দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই শেখ রাসেল ক্রীড়া চক্র স্বপ্ন দেখছে কোয়ার্টারে খেলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনই এক ফরম্যাটে চালাচ্ছে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের খেলা।

১০ দলকে তিন ভাগ করে হচ্ছে গ্রুপপর্ব। একটি গ্রুপ চার দলের বাকি দুটি তিন দলের। যার ফলে চার দলের গ্রুপের সব খেলা শেষে যে দলটি তলানিতে থাকবে তাদের বিপক্ষে অন্য তিন দলের ফলাফল বিবেচনায় আসবে না। কোয়ার্টার ফাইনাল করতে হবে বলে তাই তিন গ্রুপের দুটি করে গ্রুপসেরা ছাড়াও দুটি দল বেছে নেওয়া হবে সেরা তৃতীয় দল থেকে। আর এই হিসাব করতে গিয়েই পাকিয়ে গেছে জট।

মঙ্গলবার শেষ হয়েছে তিন দলে গড়া এ ও সি গ্রুপের খেলা। ১৩ ফেব্রুয়ারি হবে বি গ্রুপের শেষ দুটি ম্যাচ। এর পরেই বোঝা যাবে কোন দুটি দল বাদ পড়বে। মঙ্গলবার এ গ্রুপের শেষ ম্যাচ ২-২ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে গ্রুপসেরা শেখ জামাল ধানম-ি ক্লাবের সঙ্গী হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

এরপর আসা যাক সি গ্রুপের হিসেবে। মঙ্গলবার এই গ্রুপের শেষ খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে বসুন্ধরা কিংস। রাসেলকে ৩-১ গোলে হারানো ফর্টিজ এফসি হয়েছে এই গ্রুপের রানার্স-আপ। সাদা চোখে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া শেখ রাসেলের বাদ পড়ার কথা। কিন্তু তাদের হিসেবে রাখতে হচ্ছে বি গ্রুপের বর্তমান পয়েন্ট টেবিলের কারণে। চার দলের এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী ও বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের প্রত্যেকের পয়েন্ট সমান ৬ করে। অর্থাৎ দুদলই তাদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নকে। ফলে এই দুটি দলের ২ ম্যাচ থেকে সংগ্রহ শূন্য। চট্টগ্রাম আবাহনীর গোল গড় মাইনাস ৪, ব্রাদার্সের মাইনাস ৭। ১৩ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স খেলবে একে অপরের বিপক্ষে। এই দুই ম্যাচ শেষে বি গ্রুপে চতুর্থ দল যারা হবে, তাদের বিপক্ষে অন্য তিন দলের ফলাফল বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্সের ম্যাচে কোনো দল জিতলেও তাদের ফলাফল বিবেচিত হবে না। সেক্ষেত্রে দুটি দলের সংগ্রহই থাকবে শূন্য। তখন জয় পেয়েও সেই দলকে বাদ পড়তে হতে পারে ফরম্যাটের কারণে। গোল গড়ে যে দলটি তলানিতে থাকবে তাদের বিদায় তখন নিশ্চিত। এ গ্রুপের তৃতীয় দল রহমতগঞ্জের সংগ্রহে এক পয়েন্ট থাকায় সেরা তৃতীয় দলের একটি হয়ে চলে গেছে শেষ আটে। তৃতীয় হওয়া দ্বিতীয় দলটি বেছে নিতে তখন সি গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল (যাদের গোল গড় মাইনাস ৩) এবং বি গ্রুপের তৃতীয় দলের গোল গড় দেখা হবে। তার মানে দাঁড়ায় একটি দল কোনো পয়েন্ট ছাড়াই চলে যাবে কোয়ার্টার ফাইনালে।

আবার বি গ্রুপ থেকে একটি দল জিতেও বাদ পড়ে যেতে পারে ওই ফরম্যাটের মারপ্যাঁচে। বাফুফে পারেও...।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত