জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন থেকে সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটামসহ ৫ দফা দাবি পেশ করেন।
বক্তারা বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা করে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দ্রুত উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোরতর কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে হবে।
গত সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কলা অনুষদের সাবেক সভাপতি আবু নাঈম আবদুল্লাহ ও শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহের সময় নাঈমের অনুসারীদের অতর্কিত হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক। তারা হলেন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহসান হাবীব ও আজকের পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।
