দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগ চালু করল গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের অধীনে চালু হওয়া এ বিভাগে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি ক্যানসার রোগের চিকিৎসা দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার ধানম-ি ৬ নম্বর সড়কের গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের ষষ্ঠ তলায় বিভাগটির উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্র চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ডা. আলতাফুন্নেসা। এ বিশেষায়িত ক্যানসার প্রতিরোধ বিভাগের প্রকল্প সমন্বয়কারী ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
উদ্বোধনী অনুষ্ঠানে এই বিভাগ সম্পর্কে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, দেশে প্রথমবারের মতো এখানে ক্যানসার প্রতিরোধ বিভাগ চালু হলো। বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব ক্যানসার হাসপাতালেই ক্যানসার প্রতিরোধ বিভাগ আছে। প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন পূরণের দিকে আমরা কাজ করে যাচ্ছি।
আগে থেকেই এখানকার ক্যানসার হাসপাতালে একটি ডে-কেয়ার সেন্টার চালু আছে, যেখানে শিশু ও বড়দের কেমোথেরাপি দেওয়া হয়। তিন ধাপে চালু হওয়া এই হাপসাতালের একটি হচ্ছে এই প্রতিরোধ বিভাগ। আশা করছি এই সপ্তাহ থেকেই কার্যক্রম চালু হবে।
