ভালোবাসা দিনের সাজকথা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩২ এএম

দরজায় কড়া নাড়ছে বসন্ত, চারদিকে যেন এক মোহনীয় আবেশ, ভালোবাসা দিবস আসতে আর খুব বেশি দেরি নেই। যুগলদের মধ্যে প্রস্তুতিরও কমতি নেই এই দিনটিকে ঘিরে। তবে অনেকের মতে, ভালোবাসতে বিশেষ কোনো দিন লাগে না, চাইলে প্রতিদিনই হয়ে উঠতে পারে ভালোবাসাময়। এসব বিতর্কের ভিড়েও ভ্যালেন্টাইনস ডে কিন্তু তার নিজের আমেজে উদ্ভাসিত। দিনটিকে সামনে রেখে প্রস্তুতিও কম নয় মানুষের মধ্যে। কেমন হতে পারে ভ্যালেন্টাইনস ডের সাজপোশাক ও উদযাপন এবং সেই সঙ্গে কী উপহার দিতে পারেন এই দিনে প্রিয় মানুষটিকে, নিচে রইল কিছু আইডিয়া। লিখলেন তানজিলা তাহরিন

শাড়ি

যে কোনো উৎসবে শাড়ির আবেদন চিরন্তন। ফ্যাশনে নতুন নতুন পোশাকের আবর্তন হলেও শাড়ির স্টাইল কখনো পুরনো হয় না। অনুষ্ঠান বা উপলক্ষ ভেদে শুধু বদলে যেতে পারে রঙ, ম্যাটেরিয়াল ও নকশা। ভ্যালেন্টাইনস ডেতে যারা ট্র্যাডিশনাল লুক চান তারা অনায়াসেই বেছে নিতে পারেন শাড়ি। লাল রঙের এক রঙা সিল্ক শাড়ি দারুণ মানানসই এই উপলক্ষের সঙ্গে। ম্যাটেরিয়াল হিসেবে বেছে নিতে পারেন সামু সিল্ক, দোয়েল সিল্ক বা বলাকা সিল্ক। সঙ্গে একটু ভারী কাজ করা ব্লাউজ সমন্বয় আনবে দারুণ। আবার সিল্কের ব্লাউজ বা ক্রপ টপের সঙ্গে পরতে পারেন উজ্জ্বল রঙের ফ্লোরাল প্রিন্টের জর্জেট শাড়িও। রাতে প্রোগ্রাম থাকলে লেইসের শাড়ি বা একটু ভারী কাজ করা শাড়ি মানানসই। এ ছাড়া পরতে পারেন যে কোনো রঙের সিকোয়েন্সের শাড়ি। সঙ্গে পরতে পারেন মুক্তার বা ডায়মন্ড কাট স্টোনের গয়না অথবা শুধু ঝোলানো দুল। শাড়ির সঙ্গে ঝোলানো ব্যাগের পরিবর্তে হাতে নিন ম্যাচিং ক্লাচ ব্যাগ।

গাউন বা মিডি ড্রেস

ভ্যালেন্টাইনস ডেতে পোশাক হিসেবে অনেকেরই প্রথম পছন্দ গাউন। যারা গাউন পরতে চান লাল বা অন্য কোনো উজ্জ্বল রঙের এক রঙা গাউন বেছে নিতে পারেন। হালকা রঙের ফ্লোরাল প্রিন্টের গাউনও ভ্যালেন্টাইনের পোশাক হিসেবে চমৎকার মানিয়ে যায়। বর্তমানে বিভিন্ন অনলাইন পেজে কাস্টম মেইড গাউনের অর্ডার নেওয়া হয়। এসব পেজ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন নিজের পছন্দের ফেব্রিক ও ডিজাইনের গাউনটি। তবে ফ্যাশনে এখন সিল্ক কাপড় ও ফ্লোরাল জর্জেটের গাউন দারুণ জনপ্রিয়। নজরকাড়া কোনো মিডি ড্রেসও আপনাকে এনে দিতে পারে পারফেক্ট ভ্যালেন্টাইন লুক। সাধারণত হাঁটু বা তার নিচ পর্যন্ত ঝুলের ফ্রক বা বডিকন ধরনের ড্রেসকে মিডি ড্রেস বলে। এ ধরনের মিডির সঙ্গে চিকন স্ট্র্যাপের স্টিলেটো হিল স্যান্ডেল পরতে পারেন। অনুষঙ্গ খুবই সাধারণ রাখলে ভালো লাগবে। ছোট মুক্তোর বা স্টোনের টপ, চেইনের সঙ্গে পেনডেন্ট বা কয়েক লহরি চিকন চেইন মানিয়ে যায় গাউন বা মিডির সঙ্গে। সঙ্গে ক্যারি করতে পারেন ছোট ব্যাগ।

স্কার্ট-টপ

ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে বিভিন্ন ফ্যাশন হাউজ ও অনলাইন পেজগুলোতে রঙবেরঙের স্কার্টের সমাহার দেখা যাচ্ছে। এর মধ্যে থেকে আপনার জন্য মানানসই কোনো স্কার্ট বেছে নিতে পারেন এই দিনের পোশাক হিসেবে। লেইসের লাল স্কার্ট, যা ভ্যালেন্টাইনস ডের পোশাক হিসেবে চমৎকার মানানসই। এ ধরনের স্কার্টের সঙ্গে ইন করে পরতে পারেন একরঙা সিল্কের শার্ট বা আপনার পছন্দের যে কোনো টপ। তবে স্কার্টটি একরঙা হলে তার সঙ্গে বিভিন্ন রঙের প্রিন্টের শার্ট মানাবে। ফ্যাশন হাউজ ভারমিলিয়নের সিল্কের স্ক্রিন প্রিন্টের স্কার্টগুলোও অবলীলায় মানিয়ে যায় ভ্যালেন্টাইনস ডের সাজের সঙ্গে। সঙ্গে পরতে পারেন পছন্দের শু বা সেমি হিল স্যান্ডেল।

কুর্তি বা টিউনিক

যারা একটু ঝামেলামুক্ত এবং কমফোর্টেবল থাকতে পছন্দ করেন বিভিন্ন কাটের কুর্তি বা টিউনিক হতে পারে তাদের জন্য ভ্যালেন্টাইনস ডের উপযুক্ত আউট ফিট। ফ্যাশন হাউজ লা রিভ এবং সেইলর ঘুরে দেখা গেল ভ্যালেন্টাইনের স্পেশাল কিছু কুর্তি এবং টিউনিক। দেশি কটন এবং সিল্কের পাশাপাশি ব্যবহার করা হয়েছে অন্যান্য ম্যাটেরিয়ালও। কাট এবং নকশায় রয়েছে বৈচিত্র্য। লাল, ম্যাজেন্টা, কমলা ও বেগুনি ছাড়াও হালকা রঙে ফুটিয়ে তোলা হয়েছে কুর্তিগুলো। রেগুলার জিনসের সঙ্গে এ ধরনের কুর্তি পরতে পারেন ভালোবাসা দিবসে। ঝুমকা বা অক্সিডাইজড দুল পরতে পারেন, হালকা মেকআপের সঙ্গে কপালে দিতে পারেন ছোট্ট একটি টিপ। মন চাইলে বেছে নিতে পারেন পছন্দের রঙের চুড়ি। ব্যাস, সাধারণ লুকেই হয়ে উঠবেন অসাধারণ।

সাজসজ্জা

এই দিন আপনার প্রোগ্রাম বা ডেট দিনের বেলায় থাকলে মেকআপ রাখুন হালকা, তাতে স্নিগ্ধতা জুড়ে থাকবে পুরো সাজে। এ ক্ষেত্রে ন্যুড, ব্রাউন বা নিউট্রাল রঙের আই মেকআপের সঙ্গে লাল বা মেরুন লিপস্টিক দারুণ লুক ক্রিয়েট করতে পারে। গালের ব্লাশেও রাখুন হালকা গোলাপি, লালচে বা অরেঞ্জ শেইডগুলো। আর রাতের সাজে স্মোকি বা গ্লিটারি আই মেকআপের সঙ্গে বেছে নিতে পারেন গ্লসি ন্যুড লিপস। হালকা কন্টোরিং করতে পারেন। সব শেষে হাইলাইট করুন চিক ও নোজ এরিয়া। সারা দিনের জন্য চুল খুলে রাখা ঝামেলা মনে হলে এক পাশে টুইস্ট করে বেঁধে নিতে পারেন পনিটেইল, করতে পারেন মেসি বান বা হাত খোঁপা। উৎসবের আমেজ আনতে খোঁপায় গুঁজতে পারেন লাল গোলাপ বা আপনার পছন্দের যে কোনো ফুল। চুল ছেড়ে রাখতে চাইলে করে নিতে পারেন ব্লো ড্রাই বা স্ট্রেইট। অনেকে লুজ কার্ল পছন্দ করেন, সঙ্গে কানের পেছনে গুঁজতে পারেন ছোট্ট ফুল। গাউন বা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ফুল পরতে না চাইলে পার্লের ক্লিপ বা হেয়ার ব্যান্ড দিয়ে সাজে আনতে পারেন গ্ল্যামার। সব শেষে পরতে পারেন পছন্দের কোনো ফ্যাশনেবল সানগ্লাস। আর হ্যাঁ, আপনার পছন্দের মিষ্টি কোনো পারফিউম ব্যবহার করতে ভুলবেন না। এতে সারা দিনের ক্লান্তিতেও সুরভিত আমেজ বজায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত