ভালোবাসা দিবসে নানা রকম কেকের রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা
রেড ভেলভেট কেক
কেকের ক্রিম তৈরি : গুঁড়া চিনি ৩ থেকে ৪ কাপ, মাখন দেড় কাপ, ভ্যানিলা ১ চা-চামচ, দুধ এক কাপের চার ভাগের এক ভাগ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে বিট করতে হবে। এরপর এক টুকরা বরফ মিশিয়ে আবারও ভালোভাবে বিট করে ফ্রিজে রেখে দিন।
কেকের উপকরণ
ময়দা ৪৪০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম, চিনি ৪০০ গ্রাম, মাখন ১৭০ গ্রাম, ৪৫০ গ্রাম কোকো পাউডার, ২০ গ্রাম ভ্যানিলা অ্যাসেন্স, লবণ স্বাদমতো, লাল ফুড কালার ৪ টেবিল চামচ, দই ৩৭০ গ্রাম, ভিনেগার দেড় চা-চামচ, বেকিং সোডা দেড় চা-চামচ, ডিম ৩টি।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে চিনি, মাখন এবং লবণ একসঙ্গে বিট করে নিন। একটি পাত্রে ময়দা, কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে চালনিতে চেলে নিন যেন দানা না থাকে।
২. বিট করে রাখা চিনি, মাখন এবং লবণের সঙ্গে ভ্যানিলা অ্যাসেন্স, ফুড কালার আর ডিম এক এক করে দিয়ে বারবার বিট করুন। সামান্য পানি দিয়ে দই ফেটে নিন। এরপর দই এবং ময়দা আলাদা করে অল্প অল্প করে দিয়ে বারবার বিট করুন।
৩. সবশেষে ভিনেগার মিশিয়ে আবারও বিট করুন।
৪. এরপর পাত্রে ঢেলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নিন। কেক নামিয়ে ঠা-া করুন। ঠা-া হলে ফ্রিজে রাখা ক্রিম বের করে আরও একবার বিট করে মন মতো করে লেয়ার হিসেবে সাজিয়ে পরিবেশন করুন।
মিনি রেড হার্ট ভ্যানিলা কেক
উপকরণ
ময়দা ১৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ডিম ৪টা, বেকিং পাউডার দেড় চা-চামচ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা-চামচ, রেড ফুড কালার ২ ফোঁটা, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, হুইপ ক্রিম ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশ আলাদা করে নিন। এবার বিটার দিয়ে বিট করে ফোম করুন।
২. ফোমের সঙ্গে চিনি ও কুসুমগুলো অল্প অল্প করে মিশিয়ে বিট করুন।
৩. এবার ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ একসঙ্গে চালনিতে চেলে নিন ও ডিমের মিশ্রণে অল্প অল্প করে মেশাতে থাকুন। সব মেশানো হলে ভ্যানিলা অ্যাসেন্স মেশাতে হবে।
৪. একটা চারকোনা ছড়ানো কেক মোল্ড দিয়ে তাতে তেল বা বাটার গ্রিজ করে ময়দা ছিটিয়ে দিন। বাড়তি ময়দা ঝেড়ে ফেলে দিন।
৫. মোল্ডে মিশ্রণ ঢেলে দিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।
ক্রিম চিনি, ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে বিট করে হুইপ ক্রিম তৈরি করুন। হার্ট সেপ কাটার দিয়ে কেক কেটে নিন। একটা হার্টের ওপর ক্রিম দিয়ে আরেকটা কেক বসিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সাদা লাল জেব্রা কেক
উপকরণ
ময়দা ১ কাপ, ডিম ৩টি, তেল এক কাপের চার ভাগের তিন ভাগ, কাপ চিনি ১ কাপ, বেকিং পাউডার ১ চামচ, তরল দুধ আধা কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চামচ, ফুড কালার লাল ৩ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে ময়দা, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে চালনি দিয়ে চেলে রাখুন। এবার ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে আলাদা করে নিন।
২. ডিমের সাদা অংশ বিট করে ফোম করুন। কুসুমগুলো বিট করে অল্প অল্প চিনি ও পাতলা দুধ দিয়ে ভালো মতো বিট করে মেশান চিনি গলে যাওয়া পর্যন্ত। এখন তেল ও ভ্যানিলা দিয়ে বিট করুন।
৩. ময়দার মিশ্রণ এতে অল্প অল্প করে চামচ দিয়ে মেশান। তারপর এতে ডিমের ফোমটা তিনবারে দিয়ে সাবধানে মেশান।
৪. কেক পাত্রে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে রেখে ওভেন প্রিহিটেড করুন ১০ মিনিট। মিশ্রণটাকে সমান ২ ভাগে ভাগ করে লাল খাবার রঙ মিশিয়ে নিন ভিন্ন বাটিতে।
৫. এখন বেকিং পাত্রের ঠিক মাঝখানে চামচ দিয়ে একটি করে কালারের মিশ্রণ পর্যায়ক্রমে একটির ওপর আরেকটি ঢেলে সাজিয়ে নিন।
৬. প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ৩৫ মিনিট বেক করুন। ঠা-া হলে সুন্দর করে কেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার জেব্রা কেক।
আইসক্রিম কেক
উপকরণ
ময়দা ১৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ডিম ৪টি, বেকিং পাউডার দেড় চা-চামচ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা-চামচ, ভ্যানিলা আইসক্রিম ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, রেড ফুড কালার ৩ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশগুলো আলাদা করে বিটার দিয়ে বিট করে ফোম করে ফেলুন।
২. ফোমের সঙ্গে চিনি ও কুসুমগুলো অল্প অল্প করে মিশিয়ে বিট করতে হবে।
৩. এবার ময়দা, বেকিং পাউডার, ফুড কালার, গুঁড়া দুধ একসঙ্গে চালনিতে চেলে নিন ও ডিমের মিশ্রণে অল্প অল্প করে মেশাতে থাকুন। সব মেশানো হলে ভ্যানিলা অ্যাসেন্স মেশাতে হবে।
৪. কেক মোল্ড দিয়ে তাতে তেল বা বাটার গ্রিজ করে ময়দা ছিটিয়ে দিন। বাড়তি ময়দা ঝেড়ে ফেলেন।
৫. মোল্ডে মিশ্রণ ঢেলে দিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।
৬. বেক হয়ে গেলে সামান্য ঠান্ডা করুন। আবার বেশি ঠান্ডা হলে কেক ভেঙে যাবে রোল করার সময়।
৭. একটি বাটার পেপার বিছিয়ে নিন। কেক খুব সাবধানে টিনসহ সেই পেপারের ওপরে উল্টো করুন। এতে কেকের বাদামি অংশটা বিছিয়ে রাখা কাগজের ওপরে পড়বে এবং নিচের অংশটা ওপরে। রোল করে নিয়ে ফ্রিজে রাখুন।
৮. এবার টিনে বিছিয়ে দেওয়া যে কাগজ সেটা উঠিয়ে ফেলুন।
৯. এবার কেকটা রোল করা শুরু করুন। কাগজসহ একটু রোল করুন, নরমাল ফ্রিজে রাখুন ১ ঘণ্টার জন্য।
এবার রোল খুলে পুরো কেক এ আইসক্রিম লাগিয়ে নিন। এবার কাগজ সরিয়ে আবার রোল করুন। এভাবে পুরো কেকটা রোল করে নিন।
ডিপ ফ্রিজে ৪ থেকে ৫ ঘণ্টা রেখে কেটে পরিবেশন করুন।
ব্ল্যাক ফরেস্ট কেক
উপকরণ
ময়দা এক কাপের চার ভাগের তিন ভাগ, ডিম ৩টি, কোকো পাউডার এক কাপের চার ভাগের এক ভাগ, গুঁড়া দুধ ৪ চা-চামচ, কফি পাউডার ১ চা-চামচ, চিনি আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লিকুইড চকলেট ১০০ মিলি, বাটার ২০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম, চকলেট সিরাপ গার্নিস করার জন্য, চেরি সাজানোর জন্য আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ডিম ও চিনি বিটারে বিট করে নিন। ময়দা কোকো পাউডার বেকিং গুঁড়া দুধ একত্রে ঢেলে নিন। কফি পাউডারে এক কাপের চার ভাগের এক ভাগ গরম পানিতে গুলে নিন।
২. ডিমের মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিন। শেষ হলে গোলানো কফি দিয়ে আবারও নেড়ে মেশান।
৩. গোলা ৬ ইঞ্চি ২টি কেক প্যানে ডো ২ ভাগে ভাগ করে ঢেলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নিন।
৪. ক্রিম বানাতে বাটার, আইসিং সুগার বিট করুন। ভ্যানিলা অ্যাসেন্স দিন। এবার কেকে পছন্দমতো ডিজাইন করে নিন। চকলেট সিরাপ দিয়ে গানিশ করে ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।