গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি ভবনের চারতলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন (৩৫) কালিয়াকৈর উপজেলার জামালপুর দোয়ানিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম নির্মাণাধীন ভবনের রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল শনিবার সকালে ভান্নারা বেলতলা এলাকার আজম খানের পঞ্চমতলা নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। সকাল ১০টার দিকে ওই ভবনের ঠিকাদারের নির্দেশে নির্মাণশ্রমিক জসিম উদ্দিন চারতলার ছাদে বারান্দায় সেন্টারিং খুলতে যান। এ সময় তিনি হঠাৎ করে ছিটকে ওই ভবনের নিচে পড়ে যান।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
