আ.লীগ নেতাকে হত্যা

কুড়িগ্রামে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ এএম

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর আমলি আদালতের বিচারক মজনু মিয়া তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ছাত্রলীগ নেতারা হলেন সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়া।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শহরের ঘোষপাড়া এলাকার আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিন্দু ও তার অনুসারী ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে বিন্দু ও ঝিনুককে আটক করে পুলিশ।

এ ঘটনায় গত শুক্রবার রাত ১২টার পর আওয়ামী লীগ নেতার স্ত্রী রোজিনা বেগম সদর থানায় বিন্দু, ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় নাম উল্লেখ করা অন্য দুই আসামি হলেন রায়হান কবির স্বাধীন ও সৌরভ। তারা কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।

সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগের সদর উপজেলা সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে আটক করে পুলিশ। পরে রাত ১২টায় নিহতের স্ত্রী বাদী হয়ে মারধর করে হত্যার অভিযোগ দেন। তার অভিযোগটি গতকাল মামলা আকারে নথিভুক্ত করা হয় এবং ওই মামলায় ছাত্রলীগের এই দুই নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গতকাল বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে শরিফুল ইসলামের মরদেহ দাফন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত