গাজীপুরের শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার বিকেলে কাপাসিয়া-শ্রীপুর সড়কের ছাপড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই নেতার নাম সাইদুর রহমান হিমু (৩০)। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের চলতি কমিটির অর্থবিষয়ক সম্পাদক। তিনি এর আগে শ্রীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শ্রীপুর মডেল থানার এএসআই নাসির উদ্দিন খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, একটি পরিবহনে করে যাওয়ার সময় হিমুকে আটক করা হয়। পরে তার কাছে পাওয়া যায় ৫০টি ইয়াবা বড়ি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ছাত্রলীগের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইদুর রহমান হিমু চিহ্নিত মাদক কারবারি। সে এর আগে আরও অন্তত ছয়বার বিভিন্ন মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। সে ছাত্রলীগের রাজনীতির সময় মাদক সেবনে জড়িয়ে পড়ে।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ জানান, হিমু আগের কমিটির সদস্য ছিল। এ বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার বিচার প্রচলিত আইন অনুযায়ী হবে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ জামান জানান, গতকাল রবিবার তাকে আদালতে পাঠানো হয়।
