নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব আজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৯ এএম

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান ও বসন্তকালীন সাহিত্য উৎসব আজ বুধবার। নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজ নানা অনুষ্ঠানের আয়োজন করছে। উৎসবে কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খানকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

এর আগে একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার, কবি নির্মলেন্দু গুণ, সাংবাদিক গোলাম সারোয়ারসহ বরেণ্য কবি, সাহিত্যিক ও সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় প্রাবন্ধিক, গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর উৎসব উদ্বোধন করবেন। সম্মানিত অতিথি থাকবেন কবি মোহাম্মদ সাদিক এমপি, সাহিত্যিক ফারুক মহিউদ্দীন ও কবি তুষার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার ও পরিচালনায় থাকবেন সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।

দিনব্যাপী অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় বসন্তবরণ, তবলা লহরা, বাঁশি, নৃত্য ও গীত পরিবেশিত হবে। এ ছাড়া আনন্দ শোভাযাত্রা, খালেকদাদ চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শিশুদের মুক্ত চিত্রাঙ্কন, স্বরচিত কবিতা, ছড়া ও গল্পপাঠ, রাতে বাউল গান পরিবেশিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত