জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে টানা আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারী) পাঁচ দফা দাবিতে চলচ্চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বলন করেছে ধর্ষণকান্ডের পর গঠিত আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'নিপীড়ন বিরোধী মঞ্চ'। সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে 'রেহানা মরিয়ম নূর' চলচ্চিত্র প্রদর্শিত হয়।
পরে রাত পৌণে ৯টায় সেখান থেকে প্রজ্বলিত মোমবাতি হাতে একটি মৌন মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বৃহষ্পতিবার কাল ৯টা হতে তিন ঘন্টাব্যাপী পুনরায় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন।
সমাবেশে নিপীড়নবিরোধী মঞ্চের সদস্যসচিব পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন,‘এ প্রশাসন যেভাবে আমাদের দাবিগুলো মানছেন না, যেভাবে স্বেচ্ছাচারী আচরণ করছে, তাতে মনে হচ্ছে তারা দিন দিন স্বৈরাচারী হয়ে উঠছে। সেই সূত্রে আমরা আজকের স্বৈরাচার প্রতিরোধ দিবসের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আাগামীকাল আমরা সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবন প্রতীকী অবরোধ করে মৌন প্রতিবাদ করব।’
চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুপ্রাণ ও প্রাণরসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রববানী ও অধ্যাপক খো. লুৎফুল এলাহী।
