লোকসভার পাট চুকিয়ে রাজ্যসভায় সোনিয়া গান্ধী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ এএম

ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভা ছেড়ে এবার উচ্চকক্ষ রাজ্যসভার আইনপ্রণেতা (এমপি) হচ্ছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। কংগ্রেসের সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে লোকসভা নির্বাচনের চাপ মোকাবিলা কঠিন হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যসভার সদস্য হচ্ছেন তিনি। রাজস্থান থেকে তিনি রাজ্যসভায় যাবেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী কংগ্রেসের দুঃসময়ে হাল ধরেন। এবার রাজস্থানে তিনি যে আসন থেকে রাজ্যসভায় যাচ্ছেন সেখানে আগে রাজ্যসভার এমপি ছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন। গতকাল বুধবার সোনিয়া রাজস্থানের রাজধানী জয়পুর রওনা হন। ছেলে রাহুল গান্ধীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার মনোনয়নপত্র জমাদানের সময় থাকবেন। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচি স্থগিত রেখে রাহুল মায়ের সঙ্গে যোগ দেবেন। ২৫ বছর আগে সোনিয়া গান্ধী লোকসভার এমপি হয়েছিলেন। জন্মসূত্রে ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও ৭৭ বছর বয়সী সোনিয়া দীর্ঘ সময় সরাসরি ভোটের এমপি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত