টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির গ্রুপের হামলা সাধারণ সম্পাদক গ্রুপের অন্তত ৯ ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় আব্দুল মান্নান হল এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, সাধারণ সম্পাদক গ্রুপের বিএনবি বিভাগের সোহানুর রহমান সোহান, পদার্থ বিজ্ঞান বিভাগের রকি, আইসিটি বিভাগের জয় ধর, ক্যামিস্ট্রি বিভাগের সজিব শেখ, অর্থনীতি বিভাগের সৌরভ, মিনার, নাঈম রাজ, আইসিটি বিভাগের সৌরভ, টেক্সটাইল বিভাগের তামীম। আহতদের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে সোহানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ও রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে আহতরা আব্দুল মান্নান হলের ছাদে বসে গল্প করছিলেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানিক শীলের অনুসারী সাফি মোরসালিন, আবিদ, রকি, ইদ্রিস, রবিউল, রুবেল, বিশ্বজিৎ, অপুর নেতৃত্বে ২৫-৩০ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ হামলার একপর্যায়ে সোহানকে তারা তিন তলার ছাদ থেকে নিচে ফেলা দেয়। এ ঘটনায় আহত নয়জনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কঠোর হস্তে প্রতিহত করবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানিক শীল ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
