জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তৃতীয় দিনের মতো নতুন প্রশাসনিক (রেজিস্ট্রার) ভবন প্রতীকী অবরোধ করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’। অবরোধ চলাকালীন মুখে কালো কাপড় বেঁধে রাখেন আন্দোলনকারীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের পশ্চিম পাশের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ চিত্র অঙ্কনের প্রতিবাদে ও জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক এনাম। গতকাল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে অনশনে বসেন তিনি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
