ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির অভ্যাস ভাঙচুর, মানুষ মারা আর আগুন দেওয়া।’ গতকাল শুক্রবার দুপুরে কুটি বাজার-কসবা পুরাতন বাজার ডিসি সড়কের বিজনা নদীর ওপর নির্মিত এলাকাবাসীর বহু কাক্সিক্ষত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন তারা কত ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা দেখেছেন ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া এটাই বিএনপির অভ্যাস।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ প্রমুখ।
পরে সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক কেকে কেটে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি।
