বাজবলে ইংল্যান্ডের জবাব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১০ এএম

দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫০০ টেস্ট উইকেট শিকারিদের অভিজাত ক্লাবে রবিচন্দ্রন অশ্বিনের প্রবেশের দিনটি হতে পারত ভারতের। তা হতে দেননি বেন ডাকেট। ইংলিশ ওপেনারের বাজবল কায়দার সেঞ্চুরিতে ৩৫ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে গতকাল দ্বিতীয় দিনশেষে ২০৭ রান জড়ো করেছে ইংল্যান্ড। আজ ৮ উইকেট হাতে রেখে ২৩৮ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে ইংল্যান্ড।

ইংলিশ ওপেনার বেন ডাকেট কাল ফিফটি ছোঁন ৩৯ বলে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ৮৮ বলে। দিনশেষে তিনি অপরাজিত থাকেন ১৮৮ বলে ১৩৩ রানে। ইনিংসটিতে ২১টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ২টি ছক্কা।

তিনে নামা ওলি পোপ ৫৫ বলে ৩৯ রান করে ফেরেন মোহাম্মদ সিরাজের বলে। ডাকেটের সঙ্গে ২৫ রানের জুটি গড়া জো রুট অন্যপ্রান্তে অপরাজিত আছেন ৯ রানে। ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে ১৫ রানে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৫০০তম উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন।

বিশাখাপত্তনম টেস্টেই হতে পারত এ কীর্তি। রবিচন্দ্রন অশ্বিনকে অবশ্য আক্ষেপ নিয়েই থামতে হয়েছিল। এক উইকেটের সে আক্ষেপ গতকাল কাটল রাজকোট টেস্টে। ৯৮তম টেস্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পেলেন তিনি। ৫০০ উইকেট পাওয়া টেস্ট ইতিহাসের নবম বোলার তিনি। অফ স্পিনার হিসেবে তৃতীয়। ৫০০ উইকেট পাওয়া অশ্বিনের গড় দারুণ। গড়ে মাত্র ২৩.৮৮ রান দিয়ে তিনি পেয়েছেন একটি করে উইকেট। প্রতিটি উইকেটের জন্য অশ্বিনকে করতে হয়েছে ৫১.৪৩ বল। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর তিনিই দ্রুততম এ কীর্তি গড়লেন। মুরালিধরন ৮৭ টেস্টে ছোঁন এ মাইলফলক।

এর আগে ৫ উইকেটে ৩২৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত ধাক্কা খায় জাদেজাকে হারিয়ে। আগের দিনের সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজা ইনিংস বড় করার আগেই জো রুটের বলে ফিরতি ক্যাচ দেন। ২২৫ বলে ৯ চার ২ ছয়ে ১১২ রান করে ফেরেন জাদেজা। অষ্টম উইকেটে ৭৭ রানের জুটি দুর্দান্ত জুটি গড়েন অভিষিক্ত ধ্রুব জুরেল ও অশ্বিন। ৩৭ রান করেন অশ্বিন। অভিষেক ইনিংসে জুরেল খেলেন ১০৪ বলে ৪৬ রানের ইনিংস। শেষ উইকেটে ৩০ রানের জুটি গড়ে ভারতকে ৪৪৫ রানের পুঁজি এনে দেন বুমরা ও সিরাজ। ইংল্যান্ডের মার্ক উড ৪টি ও রেহান আহমেদ ২টি উইকেট শিকার করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত