বগুড়ায় ১৮ দেশের ৪৫ চলচ্চিত্র প্রদর্শিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ এএম

১৮টি দেশের ৪৫টি চলচ্চিত্র নিয়ে চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গতকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উৎসবের প্রথম দিনে স্বল্পদৈর্ঘ্য ২০টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

উগান্ডার চলচ্চিত্র ‘মামমা ওয়াং’ দিয়ে শুরু হয় সকালের প্রদর্শনী। শিশুতোষ চলচ্চিত্র দিয়ে সাজানো হয় সকালের অধিবেশন। প্রদর্শনীর বিরতীতে বিধান কৃষ্ণের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মণ। প্রধান অতিথি ছিলেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত, বিশেষ অতিথি ছিলেন লায়ন আতিকুর রহমান মিঠু, জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন।

আলোচনা শেষে প্রদর্শিত হয় নেপালের চলচ্চিত্র ডিভাইনেশন, ভারতের চলচ্চিত্র নাই পাহাল এরপর মধ্যাহ্নের বিরতী। বিকেল ৩টায় মাস্টার ক্লাস ও চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি এবং নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুণ দেও জোসি। বিকেল ৪টায় দেখানো হয় পোল্যান্ড, আমেরিকা, সাউথ কোরিয়া, স্পেনের চারটি চলচ্চিত্র। সবশেষে প্রদর্শিত হয় বাংলাদেশের চলচ্চিত্র রাশেদ শামীম সামের পরী এবং তন্ময় সরকারের চলচ্চিত্র দহনযাত্রা। প্রাচীন জনপদের শহর বগুড়ায় গত চার বছর ধরে পু-্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুরু হলো বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবারের উৎসবে ১৮ দেশের ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। উৎসবে জুরি হিসেবে রয়েছে ভারত থেকে ধার্মেন্দার ডাঙ্গী, ড. আবিদ, নেপাল থেকে কেপি পাটক , শ্রীলঙ্কা থেকে রোদনি রাথিপানা, জার্মানি থেকে ইন্দো স্টারজ এবং বাংলাদেশ থেকে আশরাফ শিশির ও সাদিয়া খালিদ রীতি।

উৎসবে তৃতীয় দিনে শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ও পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দেখা যাবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দুপুর ২টায় চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ প্রদান করবেন নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুন দেও জোসি। বিকেল ৩টায় স্বাধীন চলচ্চিত্রের বিপণন ও বাজারজাতকরণ শিরোনামে মাস্টার ক্লাস। ক্লাস পরিচালনা করবেন নির্মাতা খন্দকার সুমন, হোস্টিংয়ে থাকবেন নির্মাতা ও উদ্যোক্তা আনন্দ কুটুম। বিকেল ৪টায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও পু-্রনগর সম্মাননা প্রদান করা হবে বিকেল ৫টায়।

উৎসবের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শন করা হবে উৎসবে পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র এবং সুপিন বর্মণ নির্মিত চলচ্চিত্র সুখের সংসার ও আ লেটার অব পোস্টমাস্টার।

বগুড়ার একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংগঠন পু-্রনগর চলচ্চিত্র সংসদের এ আয়োজনে ভারত, নেপাল, ইতালি, বাংলাদেশসহ চার দেশের ৩০ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী বগুড়ায় চলে এসেছেন বলে জানান আয়োজক কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত