নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন হয়।
বক্তারা বলেন, ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাৎ, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতাবিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীর মুুক্তিযোদ্ধাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। ডা. শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন তারা।
মানববন্ধন শেষে ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষের কুশপুত্তলিকা দাহ করা হয়।
অভিযোগ অস্বীকার করে ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট কালিয়ায় যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা চালু করাসহ সেবার মান বৃদ্ধিতে একটি মহল আমার ওপর ক্ষুব্ধ হয়েছে।
