রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে বাজবলে ভালোই জবাব দিয়েছিল ইংল্যান্ড। তবে গতকাল তৃতীয় দিনে ডাকেট ১৫৩ রান করে ফেরার পর বেন স্টোকস (৪১) বাদে আর কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেনি। নাটকীয় ব্যাটিং ধসে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩১৯ রানে। পরে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে ভারত। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ২ উইকেটে ১৯৬ রান। তাতে লিড দাঁড়ায় ৩২২ রানে।
মায়ের অসুস্থতার কারণে বাড়ি চলে যাওয়া মূল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই তৃতীয় দিন খেলেছে ভারত। ১১২ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট। তাতে ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে ভারত।
আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল এবার ১০৪ রান করে মাঠ ছাড়েন (রিটায়ার্ড হার্ট) অস্বস্তি অনুভব করায়। জয়সওয়াল ১২২ বলে করেন সেঞ্চুরি। তার ১৩৩ বলের ইনিংসে ৯টি চার ও ছক্কা ৫টি। এটি জয়সওয়ালের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তরুণ এই ওপেনার ব্যাটিংয়ের শুরুতে সময় নেন থিতু হতে। প্রথম ৫০ বলে তার রান ছিল ১৮। আগের ইনিংসে সেঞ্চুরি করা রোহিত এদিন ফেরেন ১৯ রান করেই। তাতে ৩০ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি।
দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন জয়সওয়াল ও শুবমান গিল। জয়সওয়াল রিটায়ার্ড হার্ট হওয়ার পর টিকতে পারেননি রজত পাতিদারও। ১০ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। ১২০ বল খেলে ৬৫ রান করা গিল চতুর্থ দিন শুরু করবেন কুলদিপ যাদবকে সঙ্গে নিয়ে।
০
