বিএসএফের গুলিতে জেলে আহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম (২৪)। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি দলদলী ইউনিয়নের ৪ নম্বর কলোনিপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালে জাহাঙ্গীর আলম ভোলাহাটের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর ভারতীয় সীমান্ত অংশে ঢুকে পড়ে। এ সময় ভারতের মনসামাথা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ডান হাতে গুলিবিদ্ধ হয়।

তিনি জানান, ভোলাহাটে মহানন্দা নদীর একটি বড় অংশই ভারতীয় এলাকার মধ্যে পড়ে। ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত