চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল থেকে অছাত্র ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের হল থেকে বের করতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
তিনি বলেন, প্রশাসন আগামী মাসের ১৬ তারিখের মধ্যে আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের ও অবৈধ ছাত্রদের হল থেকে বাহির করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হবে।
প্রসঙ্গত, গত পাঁচদিন ধরে ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত। দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিবদমান গ্রুপগুলো হলো- বিজয়, সিক্সটি নাইন ও সিএফসি। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চবি উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
