বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ১১ প্রকল্প

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ এএম

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ১১টি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দৈনিক প্রায় ১৭ হাজার টন বর্জ্য উৎপাদিত হয়। এ বর্জ্যকে রিসাইক্লিংয়ের মাধ্যমে দূষণ রোধসহ সম্পদে রূপান্তর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

গতকাল রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ সদস্যরা নির্বাচনের আগে নিজ নিজ এলাকায় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আসনপ্রতি পাঁচ বছরে ২০ কোটি টাকা বরাদ্দের নির্দেশনা দেন। সেই আলোকে এর আগে প্রকল্প গ্রহণ করা হয়, যা এখনো চলমান। এ প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ শেষ হলে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জানান, প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-প্রথম পর্যায়’ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হয়েছে।

গতকাল জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য জান্নাত আরা হেনরির প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী বলেন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ-দ্বিতীয় পর্যায়’ শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের ৪ মে একনেক সভায় অনুমোদিত হয়েছে। ওই প্রকল্পে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে ও বর্ণিত উপজেলার জমিসংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক কর্র্তৃক বিকল্প প্রস্তাব প্রেরণ করা হয়, যা প্রকল্পের সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। সংশোধিত ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়াম নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত