কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালককে হত্যা মামলায় ওবাইদুল হক ওরফে জুয়েল (৪৩) নামে ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত জুয়েল উপজেলার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের পিতা রিয়াজ উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, কুমারখালী থানার এই হত্যা মামলাটির স্বাক্ষ্য শুনানি শেষে আসামি ওবাইদুল হক ওরফে জুয়েলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন।
