১৫ ঘণ্টায় আলাদা মেরুদণ্ডে জোড়া লাগা নুহা-নাভা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৫ এএম

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দীর্ঘ ১৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে আলাদা হয়েছে মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু নুহা ও নাভা। সফল অস্ত্রোপচারের পর কুড়িগ্রামের ওই দুই শিশু ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। গত সোমবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নুহা-নাভার অস্ত্রোপচার চলে। সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ৩৯ বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০০ জনের দল এতে অংশ নেয়।

গতকাল মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউর কেবিন ব্লকে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশু দুটির সার্বিক অবস্থা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘নাভা ও নুহা এখন দুজনই পৃথক। তারা ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু নুহা ও নাভার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তাদের চিকিৎসার সব খরচ প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বহন করছেন। তিনি নুহা ও নাভার সার্বক্ষণিক খবর নিচ্ছেন। দেশের চিকিৎসার ইতিহাসে যুগান্তকারী ঘটনা এটি।’

এ সময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘চিকিৎসার শেষ ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। নুহা ও নাভা ভালো আছে। তাদের এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।’

চিকিৎসকরা জানান, কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের সন্তান নুহা ও নাভা। ২০২২ সালের ২১ মার্চ মেরুদণ্ডে জোড়া লাগানো অবস্থায় তাদের জন্ম হয়। জন্মের অল্প কয়েক দিন পর এপ্রিল মাসে বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে নুহা ও নাভাকে ভর্তি করা হয়। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সার্বিক তত্ত্বাবধান করেন। গত বছরের জানুয়ারিতে তাদের প্রথম ধাপের সফল অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারের দিনেও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ডা. সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

দেশের বাইরে লাগত এক কোটি, সেটি হয়েছে বিনামূল্যে : চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘কিছুদিন আগেই আমরা ভুটানের ক্যানসার আক্রান্ত এক মেয়েকে চিকিৎসা দিয়ে ভালো করেছি, যার চিকিৎসা ভারত ও ব্যাংককেও সম্ভব হয়নি। বাংলাদেশেই এখন সব রোগের চিকিৎসা সুবিধা আছে।’ গতকাল বিএসএমএমইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘অপারেশন সাকসেসফুল (সফল) হলো। এটি সাধারণ কোনো কাজ নয়। এখানে আমাদের অভিজ্ঞ বড় একটি চিকিৎসক টিম একটানা ১৩ ঘণ্টার বেশি সময় অপারেশন করে এই অসাধ্য কাজ সাধন করেছেন। এই অপারেশন ভারত বা বাইরের দেশে করতে গেলে প্রায় এক কোটি টাকা খরচ হতো। কিন্তু বাংলাদেশে এই দুই অবুঝ শিশুর চিকিৎসা ব্যয় প্রধানমন্ত্রী নিজে বহন করেছেন।’

নাভা-নোভার মাসহ বিএসএমএমইউর জ্যেষ্ঠ চিকিৎসকরা এ সময় স্বাস্থ্যমন্ত্রীর পাশে ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত