নতুন করে তদন্তে কমিটি করে দিল হাইকোর্ট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ এএম

রাজধানীর বাড্ডার সাঁতারকূলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত হবে। এ বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই কমিটিতে যারা থাকবেন তারা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শশাঙ্ক কুমার মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক আমিনুর রশীদ এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) সহকারী অধ্যাপক সাথী দস্তিদার। এই কমিটিকে আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২০ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।

আয়ানের মৃত্যুর ঘটনায় করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে ২৯ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর আয়ানের মৃত্যু নিয়ে একটি প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনকে হাস্যকর ও লোকদেখানো বলে মন্তব্য করে হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। আর ইউনাইটেডের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তিরায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত