রাহুলের হাত ধরলেন অখিলেশ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ এএম

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে সর্বোচ্চ ৮০টি লোকসভা আসন রয়েছে। ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আগামী লোকসভা নির্বাচনে কড়া টক্কর দিতে এ রাজ্যে সুবিধাজনক অবস্থা তৈরির বিকল্প নেই। বিরোধী জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) মূলত উত্তর প্রদেশভিত্তিক দল। সুতরাং জাতীয় কংগ্রেসের সঙ্গে তাদের ঐক্য স্পষ্টত বড় রাজনৈতিক ঘটনা।

গতকাল বুধবার উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানান, কংগ্রেসের সঙ্গে এসপির আসন ভাগাভাগির আলোচনা চূড়ান্ত। তিনি বলেন, ‘জোট হচ্ছে, কোনো সংঘাত নেই। শিগগিরই পরিষ্কার হবে সব।’ 

সূত্র জানিয়েছে, অখিলেশের এসপি ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৭টি আসনে লড়বে কংগ্রেস এবং একটি আসনে চন্দ্রশেখর আজাদের আজাম সমাজ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।

সর্বভারতীয় স্তরের প্রধানতম বিরোধী দল কংগ্রেসসহ ২৮টির বিজেপিবিরোধী দল নিয়ে গত বছর গঠিত হয় ‘ইনডিয়া’ জোট। কিন্তু জোটের কর্মতৎপরতা মসৃণ হচ্ছিল না। সর্বশেষ জোট ছেড়ে যান সংযুক্ত জনতা দলের (জেডিইউ) প্রধান বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কংগ্রেসের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি। আবার গত বছরের শেষের দিকে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও এসপির সঙ্গে কংগ্রেসের জোট হয়নি।

শেষমেশ গতকাল সূত্র আরও জানায়, কংগ্রেস মোরাদাবাদ আসনটির দাবি ছেড়েছে এবং বারাণসী আসনের দাবি ছেড়েছে এসপি। উল্লেখ্য, বারাণসী আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীতাপুর ও হাতরথ আসন দুটিও একে অপরের মধ্যে বদল হতে পারে। এ ছাড়া আরও কিছু দেনা-পাওনা হবে দুদলের মধ্যে। সব বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘোষণা হবে। অর্থাৎ আগামী লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মতো দুই নেতাকে মোদিবিরোধী লড়াইয়ের ময়দানে দেখা যাবে।

কংগ্রেসের সূত্র আরও জানিয়েছে, কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী সম্প্রতি কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় পদার্পণ করতে যাচ্ছেন। সে কারণে তার জায়গায় উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কংগ্রেসে সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এটিই হবে প্রিয়াঙ্কার প্রথম লোকসভা নির্বাচন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত