ভাষাশহীদ রফিক (মোহাম্মদ রফিক উদ্দিন আহমদ) ও আবদুল জব্বারের বাড়িসহ দেশ জুড়ে শ্রদ্ধা জানানো হয়েছে মাতৃভাষার দাবিতে শহীদদের প্রতি। গতকাল বুধবার রাতের প্রথম প্রহর থেকে দেশের সব শহীদ মিনার ছেয়ে যায় ফুলে ফুলে। প্রভাতফেরির মাধ্যমে দেশবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মাতৃভাষা রক্ষার বীর সৈনিকদের। অন্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনাসভা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ভাষাশহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা, শিশুদের ভাষা দিবসের চিত্রাঙ্কন, তথ্যচিত্র প্রদর্শন, মায়ের ভাষাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষাসৈনিকদের সংবর্ধনা, স্বেচ্ছায় রক্তদান, শহীদ স্মরণে নীরবতা পালন ইত্যাদি। এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং অন্য ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে তোলা হয়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী : একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর সর্বস্তরের সাধারণ মানুষ। রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, বিভাগীয় কমিশনার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা। একই সময় রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে প্রভাতফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া নগরীর ভুবনমোহন পার্ক, রাজশাহী কলেজ ও কোর্ট চত্বর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষজন।
ময়মনসিংহ : নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে মহান অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের শুভ সূচনা করেন সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। তারপর বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, ময়মনসিংহ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া, এদিন বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
বগুড়া : শতকণ্ঠে একুশের গান ও কবিতা পরিবেশন করেছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এছাড়া মহান শহীদ দিবসের প্রথম প্রহর থেকে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ।
নাটোর : শহরের নবাব সিরাজদৌলা সরকারি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।
মুন্সীগঞ্জ : শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজি ফয়সাল বিপ্লব, জেলা প্রশাসক আবুজাফর রিপন, পুলিশ সুপার আসলাম খান প্রমুখ।
মাগুরা : সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা প্রমুখ।
রাজবাড়ী : শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ের ভাষাশহীদ আব্দুল জব্বারের বাড়ি পাঁচুয়া (জব্বার নগর) গ্রামে একুশের প্রথম প্রহরে স্থানীয় সাংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণের পর একে একে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, গফরগাঁও প্রেস ক্লাব, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া, ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষাসৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরের বলধারা ইউনিয়নের রফিক নগরে রফিক উদ্দিন আহমেদের নিজ বাড়িতে নির্মিত শহীদ মিনারে মোহাম্মদ রফিক উদ্দিন আহমদসহ সকল ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ জেলা ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।
সিরাজগঞ্জ : শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. প্রফেসর ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় : প্রভাতফেরির মাধ্যমে জাতির সূর্যসন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (রু. দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার।
দুমকি (পটুয়াখালী) : পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও প্রভাতফেরি করা হয়। উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এতে নেতৃত্ব দেন।
