কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে আবুল হাশেম (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। গতকাল বুধবার বেলা ১১টায় হাজারীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শামীমকে আটক করেছে।
শুভপুর ইউপির সদস্য আমির হোসেন বলেন, হাজারীপাড়ায় বোরো ধান আবাদের জন্য সেচের পানি ব্যবস্থাপনায় গত মঙ্গলবার আব্দুল কুদ্দুস নামে রংপুরের এক কৃষি শ্রমিক কাজ করছিলেন। ওই গ্রামের শামীম নামে এক যুবক সেচের পানি বিতরণ কাজে তাকে বাধা দেন এবং মারধর করেন। ওই গ্রামের হায়াতুন নবী ও আবুল খায়ের বিষয়টি শামীমের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার সকালে শামীম একটি ছুরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আব্দুল কুদ্দসকে খুঁজতে থাকেন। বেলা ১১টায় গ্রামের একটি পুকুরপাড় দিয়ে শামীম দৌড়ে যাওয়ার সময় আবুল হাশেম তাকে ধরার চেষ্টা করেন। শামীম হাশেমকে ধাক্কা দিয়ে ফেলে চলে যান। হাশেম শামীমের পিছু নিয়ে তাকে ধরার চেষ্টা করলে শামীম তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
