ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, প্রেস ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বিএনপি, জাসাস, ওয়ার্কার্স পার্টি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতি সংগঠনের নেতারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
গতকাল বুধবার সকালে প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, ওসি মো. আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাছুম, মুক্তিযোদ্ধা মো. দবির আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ।
