নারায়ণগঞ্জে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে দুটি রিভলবারসহ (দেশীয়) একজনকে আটক করা হয়।
গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান চলে।
আটক ব্যক্তির নাম মো. করিম মিয়া (৬০)। তিনি চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকর রহমানের ছেলে। নব্বইয়ের দশকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতেন।
পুলিশ জানায়, করিমের কাছ থেকে দুটি রিভলবার ছাড়াও একটি ওয়ান শুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটা কার্তুজ, শটগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলবার ও পাইপগান তৈরির প্রায় সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘দীর্ঘদিন ধরে করিম হাতে তৈরি পিস্তল রিভলবার তৈরি ও সরবরাহ করে আসছিলেন। প্রায় এক মাস আগে থেকে তার আস্তানা নজরদারিতে রাখা হয়েছিল। করিমের সঙ্গে আরও কারা জড়িত, এর ক্রেতা কারা তাদের খুঁজে বের করতে কাজ চলছে।’
