ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বশিরহাট অঞ্চলের সন্দেখালি এলাকা এখন দেশটির জাতীয় রাজনীতির কেন্দ্রে। রাজ্যটিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে নারীদের নিপীড়ন, জমি দখল ও হয়রানির নানা অভিযোগে উত্তাল ওই এলাকা। কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এই ইস্যুকে কাজে লাগিয়ে গোটা বিরোধী শিবিরকেই বিঁধতে চাচ্ছে। এখন বিজেপির সূত্র নিশ্চিত করছে, সন্দেশখালির নির্যাতিত নারীদের সঙ্গে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতে বিজেপিবিরোধী রাজনৈতিক জোট ‘ইনডিয়া’-এর অন্যতম শরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, যেখানে জোটের মূল ভরকেন্দ্র জাতীয় কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সন্দেশখালি-কা-ে প্রধান অভিযুক্ত শাহজাহান শেখকে কেন মমতার সরকার গ্রেপ্তার করছে না এমন প্রশ্ন তোলেন তিনি।
রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘শুনেছি সিপিআইএম (ইনডিয়া জোটের শরিক) এক মহিলা নেত্রী সেখানে গিয়েছিলেন। কিন্তু সিপিআইএম দলগতভাবে এখনো বিবৃতি দিয়ে সন্দেশখালির ঘটনার নিন্দা করেননি। রাহুল গান্ধী যিনি সব বিষয়ে মুখ খুলে থাকেন, তিনি এ নিয়ে এখন নীরব কেন? সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সবাই চুপ। এটা ভন্ডামি ছাড়া কিছু নয়।’
এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদজার আগেই জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসাতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক নারী সমাবেশে বক্তব্য রাখবেন মোদি।
এবার রাজ্য বিজেপি পরিকল্পনা করছে, ওই সভায় হাজির করানো হবে সন্দেশখালির ‘নির্যাতিত’ নারীদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তারা। বিজেপি এই মুহূর্তে সন্দেশখালির আন্দোলনের অস্ত্রকে ক্রমাগত কাজে লাগিয়ে লোকসভা ভোটের ফায়দা তুলতে মরিয়া। রাজ্য নেতাদের মনোযোগ যাতে সন্দেশখালিতেই থাকে, সেজন্য ২৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আবার উত্তপ্ত সন্দেশখালি। শাহজাহান শেখ, শিবু হাজরাসহ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। এর মধ্যে তৃণমূলের নেতাদের অনেকের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতনসহ নানা গুরুতর অভিযোগে মুখ খোলেন নারীরা। জনরোষে তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তার করলেও শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি। উল্লেখ্য, গত মাসে ইডি কর্মকর্তাদের মারধর করে আলোচনার জন্ম দেন শাহজাহান।
