বার্সাকে চাপে রাখলেন ওসিমহেন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ এএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে রুখে দিয়েছে নাপোলি। রবিবার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এদিন গোল করে এক রেকর্ডে মেসিকে পেছনে ফেলেছেন লেভানডফস্কি।

বার্সেলোনা তাদের একাদশ ঘোষণার পরই হয়েছে একটি রেকর্ড। ১৬ বছর ২২৩ দিন বয়সী ইয়ামাল মাঠে নেমে রেকর্ড গড়েন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউটে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন বার্সার এই কিশোর। দুই রেকর্ডের ম্যাচের প্রথমার্ধে রক্ষণে দারুণ ছিল বার্সেলোনা। পুরো ৪৫ মিনিটে একটিও শট নিতে পারেনি নাপোলি। ২০১৬ সালে গ্লাডবাখ ম্যাচের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষকে শট-শূন্য রাখতে পারে কাতালান ক্লাবটি।

বার্সেলোনা এগিয়ে যায় ৬০ মিনিটে। পেদ্রির কাছ থেকে পাওয়া বল নিচু শটে জালে জড়ান লেভানডফস্কি। এই গোলে ৩৫ বছর ১৮৪ দিন বয়সী লেভা বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলে লিওনেল মেসির (মেসির বয়স ছিল ৩৩ বছর ২৫৯ দিন) রেকর্ড ভেঙেছেন। চ্যাম্পিয়নস লিগে এটি লেভার ৯৩তম গোল। লেভার আগে আছেন শুধু লিওনেল মেসি (১২৯) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০)। ম্যাচের ৭৫ মিনিটে ভিক্টর ওসিমহেন গোল করে সমতা ফেরান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জাভি আক্ষেপ করেন। ‘আমার জন্য অম্লমধুর অনুভূতি, কারণ ম্যাচ বলা যায় আমাদের হাতেই ছিল। আমরা ভালো খেলেছি, রক্ষণ ভালোভাবে সামলেছি। নাপোলি খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে এগিয়ে যাওয়ার পর যখন প্রয়োজন ছিল আরও দাপট দেখানোর ও আগ্রাসী হওয়ার, সেখানেই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারিনি। এটা হতাশাজনক।’ বলছিলেন জাভি।

এদিকে আর্সেনাল পোর্তোর মাঠে গিয়ে হেরেই গেছে। পোর্তো জিতেছে ১-০ গোলে। উয়েফা প্রতিযোগিতায় এর আগেও পোর্তোর মাঠে জিততে পারেনি গানার্সরা। এবারও হলো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত