ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ‘খ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাবির এবারের ভর্তিযুদ্ধ। এ ছাড়া আগামীকাল শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আজ ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসাবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করবেন। পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ‘ক’ ইউনিট তথা বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৫১টি। এজন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে। ‘গ’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৮১টি। ‘চ’ ইউনিট তথা চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।
