মাগুরার শ্রীপুর উপজেলা দোরাননগর গ্রামে গড়াই নদীর ভাঙন থেকে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় নিজ উদ্যোগে বেড়িবাঁধ তৈরি করেছে গ্রামবাসী। সম্প্রতি নদীভাঙন শুরু হলে হুমকিতে পড়েছে ওই গ্রামে বসবাসকারীরা।
এলাকাবাসী জানায়, গত কয়েক বছরে নদীর ভাঙনে এ গ্রামের নদী তীরবর্তী কয়েকটি ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলি ক্ষেত বিলীন হয়ে গেছে। গতকাল শুক্রবার দোরাননগর গ্রামের শতাধিক গ্রামবাসী মিলে ভাঙন প্রতিরোধী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করেছে।
এলাকাবাসী আরও জানায়, গত বর্ষা মৌসুমে নদী এলাকার তিন কিলোমিটার বিলীন হয়েছে নদীতে। গত পাঁচ বছর পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনেকবার এ বিষয়ে তারা আবেদন করেছে। কিন্তু কোনো ফল হয়নি। যে কারণে সবশেষে তারা নিজেরাই এ উদ্যোগ নিয়েছে।
দোরাননগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথীন্দ্রনাথ ম-ল বলেন, প্রতি বছর গড়াই নদীর ভাঙনে আমাদের দোরাননগর গ্রামের রাস্তা, বসতবাড়ি বিলীন হয়ে যায়। ভাঙন থেকে রক্ষা পেতে গ্রামবাসী ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহায়তায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে।
এলাকার বাসিন্দা ডা. পঙ্কজ কান্তি ম-ল বলেন, এবার ইট, বালু, সিমেন্ট, লোহার রড, নিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। আমাদের এই বেড়িবাঁধ তৈরিতে ১৫ লাখ টাকা খরচ হবে, যা এলাকাবাসীর নিজ অর্থায়নেই হচ্ছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল বলেন, বিষয়টি মাত্র জানলাম। কোনো সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
