প্রতীক বরাদ্দের পর দুই সিটিতে প্রচারে প্রার্থীরা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১২ এএম

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর কুমিল্লা ও ময়মনসিংহে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র প্রার্থী চারজন। তাদের মধ্যে দুজন আওয়ামী লীগের। অন্য দুজন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা।

ময়মনসিংহ সিটির নির্বাচনে মেয়র পদে প্রার্থী পাঁচজন। তাদের মধ্যে সদ্য সাবেক মেয়রসহ আওয়ামী লীগেরই চারজন। একজন জাতীয় পার্টির।

গতকাল শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা সিটির উপনির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি।

ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বেলা ১১টায় কোটবাড়ী এলাকায় গণসংযোগ এবং ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন, বিকেল ৩টায় জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী কায়সারের সঙ্গে ছিলেন। টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর পক্ষে প্রতীক গ্রহণ করেন ছোট ভাই কাইমুল হক রিংকু। সাক্কু কালিয়াজুড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর টমছমব্রিজ কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে দারোগা বাড়ি এবং কালিয়াজুড়ি মাজার জিয়ারত করে সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ করেন।

বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর পুলিশ লাইন, কান্দিরপাড়, ঝাউতলা, বাদুরতলা এবং ১৭ নম্বর ওয়ার্ডের শাহপাড়া মন্দির এলাকায় গণসংযোগ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। হাতি প্রতীকের প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম নগরীর রানীর দীঘি, চকবাজার এলাকায় গণসংযোগ করেন।

প্রচারণা শুরুর পর থেকেই দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছেন। তারা প্রার্থীদের গণসংযোগ নজরে রাখেন।

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। গত ডিসেম্বরে আরফানুল হক রিফাতের মৃত্যুর পর মেয়র পদটি খালি হয়। তিনি ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

ময়মনসিংহ : গতকাল ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মাধ্যমে এ সিটিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। এদিন নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে পাঁচ মেয়র প্রার্থী ও ২১৮ কাউন্সিলর প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

সকালে শুরুতে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন ম-ল পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন ঘড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, উপদেষ্টা পরিষদের সদস্য সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ড. রেজাউল হক হরিণ প্রতীক পেয়েছেন।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতীক পেয়ে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। দুপুরের পর থেকে শুরু হয়েছে মাইকিংও।

এ সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭১ পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬১০ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। তারা আগামী ৯ মার্চ ইভিএমে ১২৮ কেন্দ্রে ভোট দেবেন। মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে যাচাই ও আপিলে ১৫৮ জন বৈধ প্রার্থী। ৯ জন সরে যাওয়ায় বর্তমানে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত