নরসিংদী শহরের মেঘনা নদীর তীরে ভক্ত ও পুণ্যার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বাউল মেলা। মেলায় ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশ বাউল সাধক যোগ দিয়েছেন। বাউলরা বাদ্যযন্ত্রের তালে তালে মানবধর্ম ও সাম্যের জয়ধ্বনি করছেন। বাউল সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী মাঘী পূর্ণিমা তিথিতে শহরের কাউরিয়াপাড়ার শ্রীশ্রী বাউল ঠাকুরের আখড়ায় এ মেলার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া বাউল মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আগত বাউল ভক্ত বীনা দাস বলেন, ‘আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা গানের মাধ্যমে ঠাকুরের বন্দনায় মেতে থাকি।’
