রিজভী বললেন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রধানমন্ত্রী ‘মিথ্যাচার’ করছেন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ সরকার এখন বিএনপির ওপর দায়ও চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ডামি নির্বাচনের সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। গতকাল (শুক্রবার) গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের কিছু কারসাজি আছে। তার এ ধরনের কথা বলার অর্থ নিজ স্বেচ্ছাতন্ত্র পচে-গলে বিকৃত হয়ে গেছে। ডাহা মিথ্যা, অসত্য, বানোয়াট, ভিত্তিহীন কথা বলা ছাড়া শেখ হাসিনার আর কোনো পুঁজি নেই। এসব বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহিঃপ্রকাশ। তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন।’

গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নিজেদের ব্যর্থতা-লুটপাট, চুরি-চামারি আর সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো। এই বৈশিষ্ট্য পাড়া-মহল্লার বখাটেদের মতো। বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে।’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব গুরুতর অসুস্থ হলেও কারাগারে তার চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দলের নেতা অধ্যাপক সাহিদা রফিক, অধ্যাপক মামুন আহমেদ, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত