মানসিক অবস্থা আমুল বদলে ফেলে কুম্বলে-মুরালির কীর্তি ভাঙলেন অশ্বিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম

এর আগে ভারতের হয়ে ঘরের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রেকর্ড বইয়ে নাম ছিল অনিল কুম্বলের। ৬৩ ম্যাচ থেকে কুম্বলের উইকেট ছিল ৩৫০টি। বেন স্টোকস বাহিনীর বিরুদ্ধে নিজের টেস্ট ক্যারিয়ারে ৩৫তম বার পাঁচ উইকেট নেওয়ার দিনে কুম্বলের এই কীর্তিকে ছাড়িয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।

অনিল কুম্বলের পাশাপাশি মুত্তিয়া মুরালিধরনকেও ডিঙিয়েছেন অশ্বিন, দুই কিংবদন্তির কৃতিত্বে ভাগ বসালেন বছর ৩৭-র স্পিনার। ভারতের মাটিতে অশ্বিন নিজের ৫৯তম টেস্ট ম্যাচটি খেলছেন। আর এই ম্যাচেই বেন ডাকেটকে ফিরিয়ে দেশের মাটিতে নিজের ৩৫০তম উইকেটটি নিলেন তিনি।

ঘরের মাঠে দ্রুততম বোলার হিসাবে ৩৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি। এক্ষেত্রে অবশ্য তিনি একা নন, শ্রীলঙ্কান কিংবদন্তি মুরালিধরনের সঙ্গে  যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক অশ্বিন। অনিল কুম্বলের থেকে চার ম্যাচ আগে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি অশ্বিনের ৩৫তম টেস্ট ফাইফার, যা ভারতীয় হিসাবে অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। তবে কুম্বলের ১৩২ টেস্টের থেকে থেকে অবশ্য অনেক কম, ৯৯টি টেস্টে অশ্বিন ৩৫ বার ৫ উইকেট নিলেন।

তবে এখানেই শেষ নয়, কুম্বলের আরেক রেকর্ডও এদিন নিজের নামে করলেন অশ্বিন। অশ্বিনের দখলে বর্তমানে দেশের মাটিতে মোট ৩৫৪টি উইকেট রয়েছে, যা ভারতীয় হিসাবে সর্বাধিক। কুম্বলের ৩৫০টি উইকেটই এতদিন পর্যন্ত ভারতীয়দের মধ্যে দেশের মাটিতে সর্বাধিক ছিল।

এমন কীর্তির পর অশ্বিন বলেছেন, ‘প্রথম ইনিংসের পর নিজের মানসিক চিন্তা পুরো বদলে ফেলতে হয়েছে। পিচে বাউন্স কম হওয়ায় স্পিনের দিকে বেশি মনোযোগ আনতে হয়েছে। পূর্ব ভারতের এদিকটায় পিচের গঠনগত এ বৈচিত্র্যের জন্য এটা দরকার ছিল। তাই নিজের পুরোটা মানসিক অবস্থার পরিবর্তন করতে হয়েছে।’

ইংল্যান্ডের বিপক্ষে রাঁচিতে টেস্টের তৃতীয় দিন শুধু অশ্বিন নন, বল হাতে কুলদীপ যাদবও অনবদ্য পারফর্ম করেন। চার উইকেট নেন ভারতীয় চায়নাম্যান বোলার। তাতে ইংল্যান্ডকে ১৪৫ রানে থামিয়ে দিনশেষে বিনা উইকেটে ৪০ রান তুলেছে ভারত। রাঁচি টেস্ট ও সিরিজ জিততে ভারতের চাই আর ১৫২ রান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত