সৌদি প্রো-লিগে সোমবার রাতে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আল নাসর। দলের প্রথম গোলটি পেনাল্টি থেকে করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মৌসুমে এটা তার ২০ ম্যাচে ২২তম গোল। এমন নৈপুণ্য রোনালদোর জন্য ডাল-ভাত গোছের। তবে ইদানীং লিওনেল মেসির নামটা যেন আর ‘সহ্যই’ করতে পারছেন না সিআরসেভেন। মাঠ কিংবা মাঠের বাইরে সমর্থকরা মেসির নামে জয়ধ্বনি দিলেই পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার এই সব প্রতিক্রিয়ায় নিন্দার ঝড় উঠছে। এই ম্যাচেও নোংরা অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।
ম্যাচ শেষে আল শাবাবের সমর্থকরা ‘মেসি, মেসি’ স্লোগান দিয়ে উত্ত্যক্ত করছিলেন রোনালদোকে। ইউরোপিয়ান ফুটবলে এমন অভিজ্ঞতা বহুবার হয়েছে রোনালদোর। সৌদি আরবেও ঘটেছে কয়েকবার। তবে রবিবার আর মানতে পারেননি রোনালদো। কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন, এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল শাবাবের সমর্থকদের উদ্দেশ্যে করেন অশ্লীল অঙ্গভঙ্গি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
