চট্টগ্রামে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম

চট্টগ্রামে মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সরওয়ার আলম এ আদেশ দেন। দণ্ডিত দুই নারী হলেন ভারতী ধর (৩৫) ও পটরানী ধর (৪০)। দুজনই কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।

জেলা পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী জানান, দুই বছর আগে সীতাকুণ্ড উপজেলায় ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায়ের সময় আসামি ভারতী ধর উপস্থিত থাকলেও শুরু থেকেই পলাতক আছেন পটরানী ধর। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সুত্র জানায়, ২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট অস্থায়ী চেকপোস্টে ঢাকামুখী তিশা প্লাটিনাম নামে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় দুই নারীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় সীতাকুণ্ড থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত