ইরানে সাড়ে পাঁচ হাজার কেজি ইউরেনিয়াম মজুদ 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯ এএম

ইরান সাড়ে পাঁচ হাজার কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ করেছে এবং মজুদকৃত ইউরেনিয়াম ৬০ শতাংশ মাত্রা পর্যন্ত সমৃদ্ধকরণ করছে দেশটি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে এসব তথ্য তুলে ধরা হয়। সংস্থাটি সম্প্রতি বলেছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে।

আইএইএর প্রতিবেদনে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ইরান ইউরেনিয়াম মজুদ করেছে পাঁচ হাজার ৫২৫.৫ কেজি। গত বছর নভেম্বর মাসে দেশটির কাছে মজুদ থাকা ইউরেনিয়ামের পরিমাণ ছিল এক হাজার ৩৮ কেজির সামান্য বেশি। অর্থাৎ কয়েক মাসের মধ্যে ব্যাপক হারে ইউরেনিয়াম মজুদ করেছে তারা।

আইএইএর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি বলেছেন, ইরান ইউরেনিয়াম পরিশুদ্ধ করছে ৬০ শতাংশ মাত্রায় যা অস্ত্র উৎপাদনের জন্য করা হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, ২০১৫ সালে সই হওয়া চুক্তি যা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ২০১৮ সালে বাতিল করে সেই চুক্তিতে থাকা মাত্রার তুলনায় ২৭ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে তেহরানের কাছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত