বাড়ির সীমানায় ময়লা ফেলা নিয়ে ঝগড়া হামলায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা নিয়ে বাগ্বিত-ার সময় প্রতিপক্ষের আঘাতে খুরশীদ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত খুরশীদ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। তারা হলেন ওই গ্রামের মো. শহীদুল্লাহ (৬৫), তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

পুলিশ জানায়, বাড়ির সীমানায় ময়লা ফেলা ও ময়লার কারণে জমে থাকা পানিতে সৃষ্ট সমস্যাকে কেন্দ্র করে সকালে খুরশীদের সঙ্গে তার প্রতিবেশী শহীদুল্লার বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার এসআই সনদ বড়ুয়া জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত