প্রতিক্রিয়ায় রিজভী

ওবায়দুল কাদেরকে মনে হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৪ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে কথাবার্তা বলেন, তাতে মনে হচ্ছে উনি বিএনপির বিকল্প জাতীয় স্থায়ী কমিটির সদস্য।’ গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের কাছে বিএনপি নালিশ করেছে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে আওয়ামী লীগ কী করেছে? শুধু দেশে না বিদেশে গিয়ে, এমনকি পাশের দেশে গিয়ে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে খুব জোরালো কণ্ঠে সেখানে তারা কথা বলেধেছন।’

তিনি বলেন, ‘বিদেশি কোনো রাষ্ট্র এবং বিদেশি কোনো কর্মকর্তা এলে, বিশেষ করে গণতান্ত্রিক দেশের কর্মকর্তারা এলে সরকারি দল এবং বিরোধী দলসহ সবার সঙ্গেই বসেন। এটা তো রেওয়াজ, এটা তো দীর্ঘদিনের ঐতিহ্য। তারা ইচ্ছা প্রকাশ করেছেন। যে কারণে আমাদের নেতারা দেখা করতে গিয়েছেন। কিন্তু কী আলোচনা হয়েছে, কী কথা হয়েছে আমরা তো কেউ জানি না। আমাদের নেতারা যারা গেছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তারা তো কিছু বলেননি। তাহলে উনি জানলেন কী করে? তাহলে উনি কি কোনো গোপন ডিভাইস কোথাও রেখেছিলেন?’

রিজভী বলেন, ‘আওয়ামী বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হচ্ছেন ডামি সরকারের ডামি মন্ত্রীরা। অথচ ডামি প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে বিএনপির ওপর দায়ভার চাপিয়ে দেওয়ার পর নেত্রীর অনুসরণে ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদ একই সুরে গান গাইছেন। সরকারের কাজ অভিযোগ তোলা নয়। বাজার সিন্ডিকেট করে যারা জনজীবন দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

তিনি বলেন, ‘অনাহার, অর্থকষ্ট আর ঋণের চাপ সহ্য করতে না পেরে মানুষ পরিবার নিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। গত সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সায়মা বেগম (৩৫), তার মেয়ে ৯ বছরের ছাইমুনা এবং ৭ বছরের ছেলে তাওহীদকে নিয়ে ঋণের জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। এই মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাহিদা রফিক, তাহসিনা রুশদীর লুনা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত