ক্যামেরা ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন হন শাওন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ এএম

ক্যামেরা ছিনতাইয়ে বাধা দেওয়ায় কলেজছাত্র শাওন বড়ুয়াকে (২৫) প্রাণ দিতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনের দেওয়া তথ্যের বরাতে গতকাল বুধবার এমন দাবি করেছে পুলিশ। 

গতকাল দুপুরে চান্দগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত না হলেও তারা জেনেছেন, ক্যামেরা ছিনতাইয়ের ঘটনাটি আগে থেকেই পরিকল্পনায় ছিল হত্যাকারীদের।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ইমতিয়াজ আলম মুরাদ (২১), আশহাদুল ইসলাম ইমন (২৪), মো. তৌহিদুল আলম (২৩), মো. বাহার (২২) ও মো. আলমগীর (৩০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার সড়কের পাশ থেকে শাওনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা পঙ্কজ দত্ত জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার দুপুরে নগরের  মোহরার একটি ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠানে ছবি তোলার কাজ আছে বলে শাওনকে ফোন করেন তার পরিচিত বড়ভাই জনি। অগ্রিম হিসেবে বিকাশের মাধ্যমে শাওনের কাছে ৫০০ টাকা পাঠানো হয়। পরিচিত একজনের কাছ থেকে ক্যামেরা সংগ্রহ করে সোমবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে ক্লাবের দিকে রওনা দেন শাওন। কিন্তু ওই ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে না জানিয়ে শাওনকে মোটরসাইকেলে করে অনন্যা আবাসিকের ভেতরে নিয়ে যান মুরাদ। সেখানে আগে থেকে ওঁৎ পেতে ছিল ইমনসহ অন্যরা। এক পর্যায়ে শাওনকে নির্জন এলাকায় নিয়ে ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। ব্যাগ না দেওয়ায় শাওনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত