তপু-জিকোর সঙ্গে তিন নতুন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৯ এএম

২ মার্চ সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প শেষে দল যাবে কুয়েতে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয়পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে। ২১ মার্চ কুয়েত সিটিতে তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন। এরপর ২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় একই প্রতিপক্ষের সঙ্গে খেলবে লাল-সবুজের দল। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ডাক পেয়েছেন তিন নতুন মুখ। ব্রাদার্স ইউনিয়নের তরুণ স্ট্রাইকার রাব্বি হোসেন রাহুল, পুলিশ এফসির কাজেম শাহ ও শেখ জামাল ধানম-ি ক্লাবের তাজ উদ্দিনকে কাছ থেকে দেখতে চাইছেন স্প্যানিশ কোচ।

এর মধ্যে কাজেম শাহ এবং তাজ উদ্দিন বাপ-ভাইয়ের পরিচয়ে এর মধ্যেই পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, কানাডা প্রবাসী হালিম শাহের ছেলে কাজেম শাহ। দুই মৌসুম ধরে খেলছেন পুলিশ এফসির হয়ে। ২০২১ সালে এজেন্টের মাধ্যমে ঢাকায় এসে সাইফ স্পোর্টিং ক্লাবের ট্রায়ালে অংশ নিয়ে টিকে গিয়েছিলেন। তবে পাসপোর্ট জটিলতায় সেবার খেলতে পারেননি। পরের মৌসুমে পুলিশে যোগ দিলেও খুব বেশি খেলার সুযোগ মেলেনি। এবার অবশ্য ঠিকই নিয়মিত খেলছেন ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। লিগের নয় ম্যাচেই খেলেছেন। দুটি গোলও আছে তার নামের পাশে। নিয়মিত খেলেই নিজেকে চিনিয়েছেন এবং ধরা পড়েছেন কাবরেরার রাডারে। বাবার মতো ক্রিকেটার না হয়ে তিনি হয়েছেন ফুটবলার। সেটা মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে কানাডা পাড়ি দেওয়ার সুবাদে। কানাডা গিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন মুছে গিয়েছিল তার। পরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ফুটবলার হিসেবে। স্বপ্ন ছিল কানাডা দলের হয়ে খেলার। সেটা না হওয়ায় পিতৃভূমিতে এসে সেই স্বপ্ন পূরণ করার পথে কাজেম। সৌদি আরবের ক্যাম্পে নিজেকে প্রমাণ করতে পারলে হয়তো এবারই পরতে পারবেন লাল-সবুজ জার্সি।

জাতীয় দলের নিয়মিত মুখ সাদ উদ্দিন। সিলেটের এই ফুটবলারেরই ছোট ভাই তাজ উদ্দিন ঘরোয়া ফুটবল খেলেছেন তিন-চার মৌসুম ধরে। এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন নিয়মিত। মূলত রাইটব্যাক হিসেবে খেলতে স্বচ্ছন্দ তাজ উদ্দিনের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বড় ভাই সাদ উদ্দিনের কারণেই। বসুন্ধরা কিংসের রাইটব্যাক চোটের কারণে খুব সম্ভবত থাকছেন না সামনের দুই ম্যাচে। তার জায়গায় তাজকে দেখা যেতে পারে। সাইফ স্পোর্টিং ক্লাবে খেলে শীর্ষ ফুটবলে অভিষেক হয়েছিল তাজের। পরের মৌসুমে মুক্তিযোদ্ধায় খেলেছেন। এবার খেলছেন শেখ জামালে। লিগে তার পারফরম্যান্স নজর কেড়েছে কাবরেরার। তাই সুযোগ হয়েছে নিজেকে প্রমাণ দেওয়ার।

আরেক নতুন মুখ রাব্বি হোসেন রাহুলের উঠে আসা যশোর থেকে। দুবছর আগেও তিনি ছিলেন যশোরের স্থানীয় পর্যায়ের খেলোয়াড়। ২০২২ সালে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বেনাপোল উচ্চ বিদ্যালয়ের হয়ে নজর কাড়েন রাব্বি। সুযোগ পান তৃতীয় বিভাগের দল বিক্রমপুর কিংসে। সেখান থেকে তাকে নিজেদের অ্যাকাডেমিতে নেয় বসুন্ধরা কিংস। এ বছর ধারে তাকে ব্রাদার্স খেলতে দেয় কিংসে। নিয়মিত খেলার সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন রাব্বি। ব্রাদার্স তলানিতে থাকলেও নিয়মিতই গোল পাচ্ছেন তিনি। স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ গোল করেছেন এই তরুণ স্ট্রাইকার। যার মধ্যে পরের চার গোল টানা চার ম্যাচে। তাতেই কাবরেরার দৃষ্টি কেড়েছেন বেনাপোলের আলহাজ নুর ইসলাম অ্যাকাডেমির এই ছাত্র।  

নতুনদের পাশাপাশি নতুন করে কিছু পুরনো মুখ ফিরছেন জাতীয় দলে। মদ কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ফুটবলে নিয়মিত হওয়া বসুন্ধরা কিংসের দুই অভিজ্ঞ ফুটবলার গোলকিপার আনিসুর রহমান জিকো এবং ডিফেন্ডার তপু বর্মণকে ক্যাম্পে রেখেছেন কাবরেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত