বিশ্বকাপের পর নেশন্স লিগও স্পেনের

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম

জাভি-ইনিয়েস্তাদের স্পেন ২০০৮-১২ এই সময়ে দারুণ সাফল্য পেয়েছিল। ইউরো, বিশ্বকাপ এরপর আবারও ইউরো জিতেছিল তারা। বর্তমানে স্পেনের নারী দল নিজেদের সেরা সময় পার করছে। বিশ্বকাপ জয়ের পর পেল আরেক সাফল্য।

গেল বছর প্রথমবারর মতো নারী বিশ্বকাপ জেতে স্পেন। এবার তারা জিতল উয়েফা নেশন্স লিগ। স্পেন ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ম্যাচের ৩২ মিনিটে আইতানা বোনমাতির গোলে এগিয়ে যায় স্পেন। ৫৩ মিনিটে মারিওনা কালদেন্তের গোলে ব্যবধান বাড়ায় স্পেন নারী দল।

এই প্রথমবারের মতো নারী উয়েফা নেশন্স লিগ জিতল স্পেন। বর্তমানে পুরুষদের নেশন্স লিগ চ্যাম্পিয়নও তারা।

বোনমাতি বলেন, 'ছয় মাস আগে আমরা বিশ্বকাপ জিতেছি এবং এখন নেশন্স লিগ, এর চেয়ে বেশি আর কি চাইতে পারি আমরা। আমরা যা অর্জন করছি তা দারুণ। বিশ্বকাপ, নেশন্স লিগের পর লক্ষ্য এখন অলিম্পিক।'

নেশন্স লিগের দুই ফাইনালিস্ট স্পেন ও ফ্রান্স নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিকের নারী ফুটবল ইভেন্টে খেলা। নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানি ২-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত