স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানে তালা মেরে পালিয়েছে রাজধানীর দুই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ। হাসপাতাল দুটি হলো বনশ্রীর নুরজাহান ক্লিনিক ও ডেমরার গ্রীন বাংলা হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীতে এ অভিযান চালায়। এটি ছিল অধিদপ্তরের অভিযানের তৃতীয় দিন।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান বলেন, বেসরকারি হাসপাতালগুলো অধিদপ্তরের শর্ত মেনে চলছে কি না সেটা দেখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বনশ্রীর ‘এফ’ ব্লকের নুরজাহান ক্লিনিক বন্ধ পাওয়া গেছে। এ ক্লিনিকের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ ছিল। কর্মকর্তারা যাওয়ার আগেই সাইনবোর্ড খুলে হাসপাতালে তালা দিয়ে পালিয়ে যায় হাসপাতালের লোকজন। একইভাবে ডেমরার গ্রীন বাংলা হাসপাতালও বন্ধ পাওয়া গেছে।
এ ছাড়া মেরাদিয়ার ইয়ামিছি ঢাকা ফ্রেণ্ডশিপ হাসপাতালকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। শয্যা অনুপাতে এ হাসপাতালে চিকিৎসক ও নার্স কম। এ ছাড়া এই হাসপাতালে স্যাম্পল কালেকশন রুম নেই।
ইউকি ডায়াগনস্টিক সেন্টার ২০২১-২২ সাল পর্যন্ত নবায়নকৃত। এ সেন্টারের লাইসেন্স ‘এ’ ক্যাটাগরির অথচ এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই। ওয়েস্ট বিন ছিল না। এ হাসপাতালকেও কারন দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
ডেমরার ট্রপিক্যাল ডায়াগনস্টিক হাসপাতালে লাইসেন্স টানানো না থাকায় মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ডেমরার আরেকটি প্রতিষ্ঠান হলি এইড হাসপাতালের বিরুদ্ধেও বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এ হাসপাতালকেও সতর্ক করা হয়েছে।
