ডিজিটাল আইন

দুই মামলাতেই অব্যাহতি পেলেন শিক্ষার্থী খাদিজা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:০০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা আরও এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনলাইনে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা এ মামলায় খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো উপাদান না থাকায় গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অব্যাহতির এ আদেশ দেন। এর আগে একই ঘটনায় কলাবাগান থানায় করা মামলায় গত ২৮ জানুয়ারি একই আদালত একই যুক্তিতে খাদিজাকে অব্যাহতির আদেশ দিয়েছিল। ফলে দুই মামলাতে অব্যাহতি পেলেন তিনি। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম দেশ রূপান্তরকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ মামলার আসামি দেলোয়ার হোসেনের বিষয়ে পুনঃতদন্তের আদেশ দিয়েছে আদালত।

তিন বছরের বেশি সময় আগের পৃথক দুই মামলায় খাদিজাকে কারাগারে নেওয়া হয় ২০২২ সালের ২৭ আগস্ট। দুই মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেনকে আসামি করা হলেও তিনি এখনো পলাতক। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা বিতর্কের মধ্যে খাদিজার বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তার নিয়ে নানা আলোচনা ওঠে। বিচারিক আদালতে একাধিকবার জামিন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে গত বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট খাদিজাকে জামিনের আদেশ দেয়। তবে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে ১৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।

গত বছরের ১০ জুলাই আপিল বিভাগ এক আদেশে খাদিজার জামিন শুনানি চার মাস মুলতবি (স্ট্যান্ডওভার) করে। ফলে এ সময় পর্যন্ত তার জামিন স্থগিত থাকে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করে। গত ১৬ নভেম্বর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় দিলে খাদিজার মুক্তির পথ খোলে। জামিনের পর গত ২০ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে ওইদিন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত