‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সম্ভাবনা তৈরি করেছিলেন অভিনেত্রী ফাল্গুনি রহমান জলি। তবে আকস্মিকভাবেই প্রেমের ঘোষণা দিলেন, তারপর বিয়ের ঘোষণা দিয়েই হারিয়ে গেলেন। অবশ্য বছর দুইয়েক আগে একবার এফডিসিতে জলির সঙ্গে দেখা হয়েছিল। তখন বলছিলেন, ‘অভিনয়ে ফিরতে পারব কি না জানি না, কারণ বাচ্চা অনেক ছোট। তার পেছনে সময় দিতে হয়। তবে ফেরার ইচ্ছে রয়েছে।’
জলিকে ফিরতে দেখা যাচ্ছিল। যাচ্ছিল বলাটার কারণ হলো এই ফেরাটা গত বছরের মাঝামাঝিতেই জানিয়েছিলেন জলি। তিনি চলচ্চিত্রে ফিরছেন ‘পদ্মাবতী’ রূপে। পর্দায় ফের দেখা মিলবে জলির। সিনেমাটি নির্মাণ করার কথা ধীমন বড়ুয়ার। দীর্ঘদিন প্রযোজনার সঙ্গে জড়িত থাকলেও ‘পদ্মাবতী’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার।
জলির এই চলচ্চিত্রের কাজের মধ্যেই ফেরার কথাটা আবার জোরালোভাবে এলো। সম্প্রতি একটি বিজ্ঞাপন করলেন। জায়েদ খানের সঙ্গে এই বিজ্ঞাপনে জলিকে দেখা যাবে। হঠাৎ করেই জায়েদ খান সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করলেন। সেখানে জলিকে দেখা যায়। শুধু তাই নয়, গুঞ্জন ছড়িয়ে পড়ে জায়েদ খান বিয়ে করে হানিমুনে যাচ্ছেন। আসলে বিজ্ঞাপনটিই এমন। এই বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় এলেন।
হারানোর গল্প জলি বললেন এভাবেই, ‘আমি আসলে অনেক দিন আড়ালে ছিলাম। আমি বিয়ে করেছি। সেটা অন্তরালে রাখার কিছু নেই। এরপর আমার বাচ্চা হয়। বাচ্চা একদম ছোট ছিল। তাই আমাকে সবকিছু থেকে বিরতি নিতে হয়েছিল। আমি কোনোভাবেই কাজ করতে পারছিলাম না। তবে আমি বরাবরই চেয়েছি চলচ্চিত্রে ফিরব। অবশেষে ফিরতে পেরেছি। আমি কাজ শুরু করেছি পুরোদমে।
জলি এখন বেশ কয়েকটি কাজ করছেন বলে জানালেন। তবে কোনো তথ্যই এখন প্রকাশ করতে চান না। জলির ভাষ্য, ‘দেখেন আমি বলেছি ফিরব। আমি তো ফিরছি। এখন আমি নিয়মিতভাবে কাজ করে যেতে চাই, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি প্রতিটি কাজ যখন করব, তখন জানাব। মাস ছয়-সাত আগে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলাম, তখন সবাইকে জানিয়েছি। এখন নতুন একটি বিজ্ঞাপন করলাম সবাইকে জানালাম। এরপর যে কাজটি করতে যাচ্ছি, করলেই সবাই জানবে।’
জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে জলি বলেন, ‘জায়েদ ভাই খুবই ভালো মানুষ। অন্তত আমি যেটুকু চিনি। আর তার সঙ্গে আমার আগে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তিনি অনেক বন্ধুত্বপূর্ণ, তাই তার সঙ্গে কাজ করাটা খুব সহজ হয়েছে। আর তেমন লম্বা সময়ের কাজ না, এক দিনের কাজ। তাই জায়েদ ভাই সম্পর্কে অতবেশি আমার পক্ষে বলা সম্ভব না।’
চলচ্চিত্র অভিনয়শিল্পী হয়ে বিজ্ঞাপনে কেন? এমন প্রশ্নের জবাবে জলি বলেন, ‘আসলে আমার এ বিষয়ে কোনো অনীহা নেই। কেননা যে মাধ্যমটা আমার পছন্দ হবে, সেটাই করব। এখন বিশ্বায়নের যুগ, এই সময় আমি এটা করব না, ওটা করব না বললে তো হবে না। যুগের সঙ্গে চলতে হবে।’