শোকাচ্ছন্ন শোবিজ, এমন ঘটনা যেন আর না ঘটে

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:৩০ এএম

শহর যেন শোকাচ্ছন্ন। নগরের সবখানেই ছোপ ছোপ। যেসব মানুষ সড়ক দিয়ে হেঁটে যাচ্ছে কিংবা রিকশা বা গাড়িতে; তাদের চেহারায়ও একধরনের বিপন্নতা। বেইলি রোডের সাততলা ভবনে আগুনে চলে যাওয়া প্রায় অর্ধশত প্রাণ সবাইকে স্পর্শ করেছে। সামাজিক মাধ্যম থেকে বাস্তব জগৎ সবখানেই এই শোকের প্রভাব, তারকাদের হৃদয়েও এই শোক স্পর্শ করেছে।

চিত্রনায়ক শাকিব খান এই আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়েছেন। সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘গত রাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়তো গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার-পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া-দাওয়া করতে। কিন্তু এক নিমেষেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতগুলো জলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।’

দেশে প্রায়ই এমন আগুনের ঘটনা ঘটে। এ নিয়ে চিন্তিত শাকিব খান লিখেছেন, ‘কিছুদিন পরপর অগ্নিকাণ্ডে এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর যারা সব সময় এমন অনাকাক্সিক্ষত দুর্ঘটনা মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেই সব ফায়ার সার্ভিসকর্মীদের জানাই স্যালুট!’

চিত্রনায়ক জায়েদ খান দুই-দুইবার নিজের প্রতিক্রিয়া সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন। ঘটনার রাতে জায়েদ খান শোক প্রকাশ করে লিখেছেন, ‘ঢাকার বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

সকালে ফের লিখেছেন, ‘এতগুলো নিরীহ প্রাণ বিসর্জন হলো অগ্নিকাণ্ডে! দুঃখ প্রকাশের ভাষা নেই। আমাদের আরও সাবধানতা প্রয়োজন; বিশেষ করে সিলিন্ডারের গ্যাস ব্যবহারের ক্ষেত্রে।’

চিত্রনায়িকা বুবলী বেইলি রোডের আগুনের ঘটনায় মর্মাহত হয়েছেন। স্বজনরা যেন দ্রুত শোক কাটিয়ে ওঠে এই কামনা করে অভিনেত্রী বলেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি! মহান আল্লাহপাক ভুক্তভোগী পরিবারগুলোর সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন!’

অভিনেত্রী শানারেই দেবী শানু সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, স্বপ্নেরা পুড়ে ছাই হয়ে যায় নিমেষে, শহুরে বাতাস বয়ে যায় ভারী দীর্ঘশ্বাসে...

মৃত্যু খুব নিকটবর্তী কি না এমন প্রশ্ন জেগেছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। তিনি শোক প্রকাশ করে বলছেন, এই ৪৬ জন কারও মেয়ে, কারও বাবা, কারও মা, কারও ছেলে, কারও ভাই, কারও বোন, কারও ভালোবাসার মানুষ, কারও প্রাণের বন্ধু, কারও একমাত্র মনের মানুষ, কারও একমাত্র আশ্রয়ের জায়গা, আজ ঢাকার বাতাসে পোড়া গন্ধ। আহারে! জীবন আর মৃত্যুর মাঝখানে ফারাক কতটুকু?

চিত্রনায়ক সাইমন সাদিকের মনেও এই পুড়ে যাওয়া মানুষের জন্য ব্যথা লেগেছে। সাইমন বলেছেন, ৪৬ জন মানুষের মৃত্যু আপনার কাছে খুব অল্প মনে হচ্ছে? একবার ভাবুন তো এই ৪৬ জনের সঙ্গে কতশত হাজার জনের সখ্য, ভালোবাসার সম্পর্ক ছিল! ভাবুন। আসুন, সাবধান হই, বিবেকবান হই, সৎ হই, মানুষ হওয়ার চেষ্টা করি!’

অপু বিশ^াস চান না এমন ঘটনা আবার ঘটুক। এই নায়িকা বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।

এ ছাড়া অনেক তারকা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। তারাও মানতে পারছেন না এতগুলো প্রাণের এভাবে চলে যাওয়া। শোক প্রকাশ করেছেন নির্মাতা শিহাব শাহীন, নির্মাতা অনন্য মামুন, গীতিকার জাহিদ আকবর, গীতিকার সোমেশ্বর আলীসহ অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত