নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:০২ এএম

নারায়ণগঞ্জের বন্দরে নিজ ঘরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ফরিদপুরের বোয়ালমারীতে কামাল হোসেন (৪৫) নামে এক কাস্টমস কর্মকর্তা ও মুন্সীগঞ্জের গজারিয়ায় মাবিয়া খাতুন (৫৬) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :

নারায়ণগঞ্জ : গৃহবধূ দিপালী রানী হত্যার ঘটনায় তার স্বামী শ্যামা চন্দ্র দাসকে (৪৮) গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বন্দর থানার লেজারস এলাকায় ভাড়াবাড়ি থেকে দিপালীর লাশ উদ্ধার করা হয়। নিহত দিপালী গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের মেয়ে মলি দাস বলেন, বৃহস্পতিবার রাতে ঘরের বাইরে দিয়ে ছিটকিনি লাগিয়ে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে যাই। রাত সাড়ে ১২টার দিকে ফিরে এসে ঘুমিয়ে পড়ি। শুক্রবার সকাল ৮টায় ঘুম ভাঙলে উঠে দেখি মায়ের রক্তমাখা নিথর দেহ পড়ে আছে। তার শরীরে অনেকগুলো কোপের ক্ষত রয়েছে। পাশেই বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার বাসিন্দা কামাল হোসেনের মরদেহ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ^রী নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। কামাল হোসেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে বৃদ্ধ মেস পরিচালিকা মাবিয়া খাতুনের মরদেহ গতকাল ভোরে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

নিহত মাবিয়া খাতুন খুলনার তেরোখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের হিন্দু কুশলা গ্রামের আবদুল গাফফার মোল্লার স্ত্রী। গজারিয়ার ভবানীপুর গ্রামে একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত